এবার জঞ্জালমুক্ত হচ্ছে জিন্দাবাজার


নিজস্ব প্রতিবেদক : অবশেষে টনক নড়লো সিলেটে সেবা প্রদানকারী ইন্টানেটওয়ালাদের। দীর্ঘ প্রায় দেড়মাস সিলেটবাসীকে চরম দুর্ভোগ আর বিড়ম্বনার শিকার করে এবার তারা যত্রতত্র ফেলে দেয়া তার অপসারনের উদ্যোগ নিয়েছেন। গতকাল শুক্রবার দুপুর থেকে এই তার অপসারণের কাজ শুরু করেন তারা।
এর আগে গত ১০ এপ্রিল মধ্যরাতে সিলেটের জিন্দাবাজারে অবৈধভাবে ঝুলে থাকা তার অপসারন করতে অভিযান চালায় সিলেট সিটি কর্পোরেশন। সেই অভিযানে এসব তার কেটে দেয় তারা। এসময় তারওয়ালারা অভিযোগ করেন আগে থেকে কোনো ঘোষনা ছাড়া এই তার অপসারণ করা হয়েছে। আর এতে করে অনেক বৈধ ব্যবসায়ীদের তার কাটা পড়েছে।
ফলে গোটা সিলেটে বিছিন্ন হয়ে যায় ব্রডবেন্ড ইন্টারনেট এবং ডিশ লাইন। পরে ইন্টারনেট এবং ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ীরা সিসিকের সাথে আলোচনায় বসেন এবং দ্রুত এ নিয়ে একটি সুন্দর পরিকল্পনা বাস্তবায়নে একমত হন। সেই প্রেক্ষিতে ঐদিন থেকেই তারা আবার লাইন সংযোগ দেওয়ার কাজে নেমে পড়েন। কয়েকদিনের মধ্যে নেটওয়ার্ক স্বাভাবিক হয়ে যায়।
কিন্তু সংযোগ ঠিক করলেও নষ্ট হয়ে যাওয়া তার লোকজনের মাথার কাছাকাছি ঝুলে থাকে এই দেড় মাস। ঝুলে থাকা তারের কিছু অংশ আবার মাটিতে গড়াগড়ি খায়। এতে করে নগরীর ব্যস্ততম জিন্দাবাজারে আসা লোকজন চরম এক বিড়ম্বনায় পড়েন। অনেকের পায়ে জড়িয়ে যায় তার। চোখের সামনে এসব ঘটনা ঘটলেও তা যেনো কোনো দাগ কাটতে পারেনি তারওয়ালাদের।




