আ:লীগের চার কর্মী হত্যা: ২৩ জনের মৃত্যুদণ্ড


নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে আলোচিত আওয়ামী লীগের চার কর্মী হত্যা মামলায় ২৩ আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জ দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন নাহারের আদালত বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—ইয়াকুব আলী, ডালিম, রফিক, হালিম, রুহেল, শাহাবুদ্দিন, তাজুল ইসলাম, হারুন, লিয়াকত আলী মাস্টার, সিরাজ উদ্দিন, আবুল বাশার কাশু, ইদ্রিস আলী, মোহাম্মদ হোসেন, আবু কালাম, জহির উদ্দিন, ফারুক হোসেন, গোলাম আযম, আব্দুল হাই, খোকন, আল-আমিন, রুহুল আমিন, আহাদ আলী ও ইউনুছ আলী।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী বারী ভূঁইয়া ও খোরশেদ আলম মোল্লা।
২০০২ সালের ১২ মার্চ আড়াইহাজার থানা ছাত্রলীগের বর্তমান সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোট ভাই বারেক, ফুফাতো ভাই বাদল, আওয়ামী লীগের কর্মী ফারুক ও কবীরকে বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতনের পর আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করে তৎকালীন গোপালদী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার কাশু ও তার লোকজন।
এ ঘটনায় ২৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত এ মামলার রায় ঘোষণা করেন।



