সরিষাবাড়ীতে নদী থেকে বালু উত্তোলন বন্ধ করলেন ইউপি চেয়ারম্যান


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান সামস উদ্দিনের হস্তক্ষেপে যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করা ও দুইটি ড্রেজার মেশিন ভেঙ্গে ফেলা হয়েছে।
জানা যায়, পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামে মিমকো জুটমিল সংলগ্ন যমুনা নদী থেকে কিছু দিন ধরে দুইটি ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। যার কারনে নদী তীরবর্তী এলাকা ও পাটকল মিমকো জুটমিলের সাথে পাড় গুলো ভাঙ্গতে শুরু করে এবং পাড়বর্তী ফসলি জমি গুলো ভেঙ্গে নদীতে চলে যাচ্ছে। খবর পেয়ে শনিবার সকালে ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন ঘটনাস্থলে যান এবং ড্রেজার মেশিন গুলো নিজে বন্ধ করে সেগুলোকে ভেঙ্গে ফেলেন।
এ ব্যাপারে পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন সামস বলেন, মানুষের ক্ষতি করে নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না। বালু উত্তোলনের ফলে মিমকো জুটমিলের পেছনে ও নদীতীর বর্তী ফসলি জমি গুলো ভাঙ্গতে শুরু করেছিলো যার কারনে নদী থেকে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে।




