সরিষাবাড়ীতে কমিটি নিয়ে বিরোধ: বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর


মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে সেঙ্গুয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি অগ্নিগর্ভ রুপ নিয়েছে।
সোমবার রাতে সেঙ্গুয়া বাজার এলাকায় আওয়ামীলীগ নেতা হাসানুল কবীর তরফদার রিপনের নেতৃত্বে একদল সমর্থক দেশীয় অ¯্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষ মাসুদ এবং তার সমর্থিতদের উপর হামলা করে এলাকা ছাড়া করে। এরপর সন্ত্রাসী সমর্থকরা ১০টি ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২৮ জন।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার সেঙ্গুয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। রোববার প্রার্থীর তালিকা যাচাই-বাছাই করার সময় উপজেলা আওয়ামীলীগের সদস্য হাসানুল কবির তরফদার রিপন ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি আ: লতিফ সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
এ ঘটনায় মাসুদ বাদী হয়ে আঃ আজিজকে প্রধান আসামী করে ১৩জনের বিরুদ্ধে এবং লিলি বেগম বাদী হয়ে মাসুদকে প্রধান আসামী করে ৮জনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় দুইটি মামলা দায়ের করেন। সোমবার রাতে হাসানুল কবির তরফদার রিপনের নেতৃত্বে সেঙ্গুয়া বাজারে প্রতিপক্ষের লোকজনের ধাওয়া করে বাজার থেকে তাড়িয়ে দেয়।
এ সুযোগে তারা মাসুদ, কালু মিয়া, মাহিদুর রহমানের বাড়ি, লাবলু, শাহা আলমের ফার্ম্মেসী, শিহাবের পার্সের দোকান, রুকনের ইলেকট্রিকের দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। পরে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিলে সব কিছু পড়ে ছাই হয়ে যায়।
এ সময় সিহাব ও হায়দার আলী জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আহত হয় আরও ২৬ জন। অগ্নিকান্ডে ৮/১০টি ছাগল ও ৫০/৬০টি হাস-মুরগী পুড়ে মারা যায়। সংবাদ পেয়ে সরিষাবাড়ী ও জামালপুরের ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে।
আগুনে প্রায় দেড় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানাগেছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাওহিদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সেঙ্গুয়া বাজার এলাকায় অবস্থান নেন। এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ রেজাউল ইসলাম খান বলেন, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রনে আনতে বাজারে অবস্থান নিয়েছে।




