রোনালদোকে বাইরে রেখে রিয়ালের দল ঘোষণা


ক্রীড়া ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই বুধবার মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগা ম্যাচে বাংলাদেশ সময় রাত দেড়টায় দেপার্তিভো লা করুনার মাঠে খেলবে নামবে রিয়াল। সেই ম্যাচের জন্য রোনালদোকে বাইরে রেখেই দল ঘোষণা করেছেন কোচ জিনেদিন জিদান।
দেপোর্তিভো ম্যাচকে সামনে রেখে বুধবার সকালে ১৯ সদস্যের দল ঘোষণা করেন জিদান। গ্যারেথ বেল ইনজুরির কারণে এমনিতেই তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন। রোনালদো না থাকায় প্রতিপক্ষের মাঠে কঠিন পরীক্ষাই দিতে হবে রিয়ালকে।
রোববার এল ক্লাসিকোকে ঘরের মাঠে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরে লা লিগার শিরোপা উন্মুক্ত করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। আপাতত সমান ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। তবে রিয়াল এক ম্যাচ কম খেলায় কিছুটা হলেও এগিয়ে রয়েছে।
বেল ও রোনালদোর অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগকে নেতৃত্ব দেবেন করিম বেনজেমা ও আলভেরো মোরাতা। অন্যদিকে প্রথম একাদশে ফিরতে পারেন কলম্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার হামেস রদ্রিগেজ।
বুধবার দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ঘরের মাঠে দুর্বল ওসাসুনার বিপক্ষে খেলবে বার্সেলোনা। সেই ম্যাচ কাতালানরা জিততে পারলে প্রতিপক্ষের মাঠে রোনালদোকে ছাড়া খেলতে নামা রিয়াল একটা ‘প্রচ্ছন্ন’ চাপের মুখেই থাকবে।




