মেয়র গউছের বরখাস্তের আদেশ স্থগিত


হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মেয়র জি কে গউছের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আদেশ কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। গউছের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে কারাগার থেকে বেরিয়ে গত ২৩ মার্চ হবিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন আলহাজ্ব জি কে গউছ। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় জি কে গউছকে বরখাস্তের আদেশ দেয়। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেন।
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় ২০১৪ সালের ১০ ডিসেম্বর সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত মেয়র জি কে গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে সংশোধিত সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি।



