২৭ বছরে যা পারল না সিলেটবাসী, তা করে দেখালেন কয়েস লোদী


নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্যানেল মেয়র (১ম) ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ২৭ বছরের রেকর্ড ভাঙলেন। তার সাথে রয়েছেন সিলেট টেনিস ক্লাবের আরোও কয়েকজন।
দেশের সবচেয়ে বড় টেনিস আসরের ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করেছেন কয়েস লোদীসহ সিলেট টেনিস ক্লাবের খেলোয়াড়রা।
বনেদী খেলা টেনিসে বাংলাদেশের সবচেয়ে বড় আসর আয়োজন করে থাকে ঢাকাস্থ অফিসার্স ক্লাব। নাসির উদ্দিন মেমোরিয়াল টেনিস প্রতিযোগিতার এবার অনুষ্টিত হচ্ছে ২৭ তম আসর।
আগামী শুক্রবার (৩ মার্চ) রাজধানী ঢাকাস্থ অফিসার্স ক্লাবে এই আসরের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুুষ্ঠিত হচ্ছে। চূড়ান্ত পর্বের খেলায় এবারই প্রথম বারের মতো সিসিক ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র (১ম) রেজাউল হাসান কয়েস লোদীর নেতৃত্বে ৩৫ উর্ধ্ব ডাবলসে দেশের খ্যাতনামা খেলোয়াড়দের পিছনে ফেলে ফাইনালে জায়গা করেছে সিলেট টেনিস ক্লাব। আগামী শুক্রবার ফাইনাল খেলছেন সিলেট টেনিস ক্লাবের কয়েস লোদী ও অধ্যাপক শাহ শহীদুল ইসলাম।
কয়েস লোদী ও সিলেট টেনিস ক্লাবের অন্যান্য খেলোয়াড়রা ২৭ বছরের রেকর্ড ভেঙ্গেছেন। ২৭ বছরের মধ্যে সিলেট থেকে কোন খেলোয়াড় সিলেটবাসীর জন্য এরকম গৌরব নিয়ে আসতে পারেননি।
এই টুর্নামেন্টে ৩২টি ক্লাব থেকে ৩টি করে টিম অংশ নেয়। ৩৫ উর্ধ্ব, ৪৫ উর্ধ্ব ও ৫৫ উর্ধ্ব। এর মধ্যে ৩৫ উর্ধ্ব ও ৫৫ উর্ধ্ব দু’টিতেই দেশের বাঘা বাঘা টেনিস ক্লাবকে রুখে দিয়ে প্রথমবারের মতো দেশের সবচেয়ে বড় টেনিস আসরের ফাইনালে খেলার সৌভাগ্য অর্জন করেছেন সিলেট টেনিস ক্লাবের খেলোয়াড়রা।
শুক্রবার ঢাকাস্থ অফিসার্স ক্লাবের সহকারি পুলিশ সুপার শরীফ ও ডেপুটি সেক্রেটারি আবদুল্লাহ’র বিপক্ষে সিলেট টেনিস ক্লাবের হয়ে লড়বেন প্যানেল মেয়র কয়েস লোদী ও অধ্যাপক শাহ শাহীদুল। অফিসার্স ক্লাবের হয়ে খেলা এই দুই টেনিস প্লেয়ার দেশের অন্যতম সেরা খেলোয়াড়। এদিকে এই দুই সেরাদের রুখে দিতে প্রস্তুত দেশের বাঘা বাঘাদের পিছনে রুখে দিয়ে আসা কয়েস লোদী ও শাহ শাহীদুল।
এর আগে সিলেট হারিয়েছে গোপালগঞ্জ, ঢাকা ক্যান্টনমেন্ট অফিসার্স ক্লাব ও বুধবার হারিয়েছে পার্লামেন্ট ক্লাবকে। এদিকে চট্টগ্রাম আগ্রাবাদ ক্লাব সিলেটের সাথে খেলতে মাঠে আসেনি। বুধবার সিলেট টেনিস ক্লাব পার্লামেন্ট ক্লাবকে হারিয়েছে ৬ শূণ্য সেটে।
সিলেট টেনিস ক্লাবের হয়ে ৫৫ উর্ধ্ব জুটিতে খেলছেন প্রফেসর নিরঞ্জন পাল ও তার সহযোগি। আর ৪৫ উর্ধ্ব জুটিতে আছেন কর্মসংস্থান ব্যাংকের এজিএম মনোজ রায় ও মিঠু।
কয়েস লোদী নিজেদের বিজয়ের ব্যাপারে প্রচন্ড আশাবাদী বলে জানিয়েছেন সিলেটভিউ২৪ডটকমকে। তিনিসহ অন্যান্য খেলোয়াড়রা সিলেটবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, অফির্সাস ক্লাব ঢাকার টেনিস উপ কমিটি কর্তৃক আয়োজিত ২৭ তম নাসির উদ্দিন মেমোরিয়াল টেনিস প্রতিযোগিতা’১৭ চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ আগামী শুক্রবার (৩ মার্চ) ক্লাব টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত।



