সুবিধবাজারে পাওনা টাকা নিয়ে সেলুনে ছাত্রলীগের হামলা


নিজস্ব প্রতিবেদক : নগরীর সুবিধবাজার এলাকায় পাওনা টাকা চওয়ার অপরাধে দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে দোকানের মালিক ও কর্মচারীদের আহত করেছে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার গ্রুপের কর্মীরা।
ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে রাখেন।
শনিবার রাত ৮টার দিকে এঘটনা ঘটে।
জানা যায়, রাত ৮টার দিকে ছাত্রলীগ নেতা সজলের নেতৃত্বে ১৫/২০জনের একদল যুবক জয় বাংলা শ্লোগান দিয়ে বিচিত্রা নামে একটি সেলুনে হামলা চালায়।
এসময় দোকান ভাংচুর করে ক্যাশে রক্ষিত টাকা পয়সা লোটপাট করা হয়। হামলায় সেলুনের মালিক শিতেস বাবু, কর্মচারী সুভাষ ও প্রণয় আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
দোকানের কর্মচরী প্রণয় সংবাদমাধ্যমকে জানায়, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার গ্রুপের কর্মী সজল দীর্ঘদিন থেকে সেলুনে চুল কেটে টাকা দিতেন না।
শুক্রবারও চুল কাটার পর টাকা না দিয়ে চলে যেতে চান। এসময় প্রণয় টাকা চাইলে সজল তাকে মারধর করে দেখে দেয়ার হুমকি দেন।
এরই ধারাবাহিকতায় শনিবার ৮টার দিকে সজল ১৫/২০ জনের একটি দল নিয়ে জয় বাংলা বলে সেলুনে ভাংচুর করে লোটপাট চালান। এতে দোকানের মালিক সহ তিন জন আহত হন।
সেলুন বিচিত্রার মালিক শিতেস বাবু সংবাদমাধ্যমকে জানান, ছাত্রলীগ নেতা তুষার গ্রুপের সজলের নেতৃত্বে একদল যুবক আমার দোকানে হামলা চালায়। এসময় তারা ক্যাশের টাকা পয়সা লোটপাট করে।
সুবিধবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গির আলম সংবাদমাধ্যমকে বলেন, গত বছরও একটি গ্রুপ হামলা করে আমাদের বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর করেছিল। এবারও হামলার পুনরাবৃত্তি ঘটল। এরকম হলে আমরা ব্যবসা গুটিয়ে চলে যাব। আমরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবী করছি।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন সংবাদমাধ্যমকে বলেন, বিষয়টি আমার জানা নেই।
খোঁজ নিয়ে জড়িতদের বিরোদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। আমরা অতিতিও কাউকে ছাড় দেইনি, ভবিষ্যতেও দেবনা।




