লিড নিউজ

শিশু রাজন হত্যা: আপিলের রায় ১১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক : সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী ১১ এপ্রিল এই মামলার আপীলের রায়ের তারিখ ধার্য করেছে আদালত।

রবিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রাজন হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিপক্ষে আনা আপিলের শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করেন। এ বেঞ্চে ১৯ কার্যদিবস মামলাটির শুনানি হয় বলে সাংবাদিকদের জানান ডেপুটি এটর্নি জেনারেল জহিরুল হক জহির।

আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী এসএম আবুল হোসেন, বেলায়েত হোসেন ও শহীদ উদ্দিন চৌধুরী।

উল্লেখ্য, ২০১৫ সালের ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকারীরা এ ঘটনা মোবাইলে ভিডিও করে তা ইন্টারনেটে প্রকাশ করে।

পরে এ হত্যার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার দেড় মাসের মধ্যে তদন্ত শেষ করে ১৬ অগাস্ট ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।

Related Articles

Back to top button