লিড নিউজ

বিস্ফোরণ আর গুলির মধ্য দিয়ে চলছে চূড়ান্ত অভিযান

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহল ঘিরে কমান্ডো অভিযান ‘অপারেশন টোয়ালাইট’ চলছে টা না বিস্ফোরণ আর গুলির মধ্য দিয়ে।

সোমবার বেলা ১টা ৫৫ মিনিট থেকে গোলাগুলির তীব্র শব্দ শোনা যাচ্ছে। বেলা ২টা ৩ মিনিটে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটতে শোনা গেছে। আতিয়া মহল থেকে বেশ দূরে অবস্থান করেও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। আতিয়া মহলের দুই বর্গ কিলোমিটার এলাকায় সাংবাদিকসহ কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না।

দুর্বল করা হয়েছে মোবাইল নেটওয়ার্ক। সংলগ্ন সড়কগুলোতে স্থাপিত চেকপোস্টে পুলিশের সতর্ক নজরদারির সঙ্গে রয়েছে সেনা টহল।

বাহিরে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধারণা, সেনাবাহিনীর কমান্ডো অভিযান সম্ভবত শেষ হওয়ার পথে।

দায়িত্বরত কর্মকর্তারা জানাচ্ছেন, নব্য জেএমবির নেতা মুসা ছাড়াও সংগঠনের নতুন নেতৃত্ব থাকতে পারে আতিয়া মহলে। তবে যারাই থাকুক না কেন, তারা সবাই উচ্চ প্রশিক্ষিত ও বোমা ছোড়ায় বিশেষ দক্ষ।

চেকপোস্টের কাছে কাউকে ভিড়তে দিচ্ছে না পুলিশ। হ্যান্ড মাইকের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানানো হচ্ছে, বিকেল ৫টার আগে মিডিয়াকে সংশ্লিষ্ট এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।

এদিকে শিববাড়ি পয়েন্টে রাখা সেনা যানের সারিতে যুক্ত হচ্ছে নতুন নতুন সামরিক যান। সেখানে আগে থেকেই রাখা আছে এপিসি, অ্যাম্বুলেন্স ও ফায়ার ব্রিগেডের গাড়ি।

এদিকে সাম্প্রতিক ঘটনাবলীতে উৎকণ্ঠায় ভুগছেন শিববাড়ি, জৈনপুর, তালুকদার পাড়া, কৈত্তপাড়া, মাঝের হাট, পাঠানপাড়া, পশ্চিমপাড়া, বন্দর ঘাট এলাকার বাসিন্দারা। সবার চোখে মুখেই আতঙ্ক। আজকের অভিযান সম্পর্কে বিকেল ৫টায় সেনাবাহিনীর তরফে ব্রিফিং হতে পারে বলে জানা গেছে অসমর্থিত সূত্রে।

উল্লেখ্য, জঙ্গি আস্তানা আতিয়া মহল থেকে রোববার রাতে থেমে থেমে প্রায় সারা রাতই পাওয়া যায় গুলি ও বিস্ফোরণের আওয়াজ। মাঝে কিছুটা বিরতি দিয়ে সোমবার সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া গুলি ও বিস্ফোরণের শব্দ শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও শোনা যাচ্ছে।

Related Articles

Back to top button