জিন্দেগীটা আল্লাহ পাকের জন্য বানাও : বিয়ানীবাজারে পীর সাহেব ঢালকানগরী


কে এম সুহেল আহমদঃ বিশ্ব বিখ্যাত আধ্যাত্বিক রাহবার হযরত আল্লামা হাকিম মুহাম্মদ আখতার সাহেব (রঃ) এর খলিফা তারজুমানে আকাবির শায়খুল হাদীস আরিফ বিল্লাহ আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাাইন পীর সাহেব ঢালকানগরী বলেছেন, জান্নাতের পরম সুখ অনুভব করতে চাও তবে জিন্দেগীটা আল্লাহ পাকের জন্য বানাও।আমাদের জীবনটা মূহূর্তের মধ্যে শেষ হতে চলেছে। আমাদের প্রাসঙ্গিক কাজ হল খাওয়া, চলা, আনন্দ-ফুর্তি করা এবং মূল কাজ হল আল্লাহ সুবহানাতা’লার ইবাদত করা। এজন্য জীবনের প্রতিটি কথা,কাজ ও মূহূর্ত যেন আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য হয়। তিনি ৫ মার্চ(রবিবার) বিয়ানীবাজার উপজেলার বৃহত্তর বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ১ম ইসলাহী মাহফিলে প্রধান অতিথির নসীহতে একথা বলেন। বাহাদুরপুর খাদিজাতুল ক্বুবরা (রাঃ) মহিলা মাদ্রাসার মুহতামিম মাও. নূরুর রহমানের সভাপতিত্বে সকাল ১১ টা থেকে বিকাল পর্যন্ত বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ইসলাহী মাহফিলে প্রধান অতিথি তার নসীহতে আরো বলেন, আল্লাহর দেওয়া ফরজ বিধান পাঁচ ওয়াক্ত নামাজ পাবন্দী সহকারে জামাতের সহিত যথাযথভাবে আদায় করতে হবে। যে আল্লাহ’র বান্দা এভাবে নামায আদায় করে নিবে সে ৫০ ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব তার আমলনামায় দান করা হবে বলে আল্লাহ পাকের ইরশাদ রয়েছে।এমনকি,এমতাবস্থায় আমাদের সবাইকে হালাল অর্থাৎ যে উপাদেয়গুলি আদেশ করেছেন তা গ্রহণ করা ও হারাম অর্থাৎ যে উপাদেয়গুলো থেকে নিষেধ করেছেন তা বর্জন করে চলতে হবে। এছাড়া ও মিথ্যা কথা বলা, চোগলখুরী, সুদ,ঘুষ, হত্যা, রাহাজানী, ব্যভিচার, গীবতসহ সকল প্রকার অন্যায়, অবিচার থেকে দূরে থেকে সর্বদা আল্লাহ সুবহানাতা’লার জিকিরে মশগুল থাকতে হবে। শুধু তাই নয়, আল্লাহ’র বান্দা যারা সর্বদা নাফরমানীতে লিপ্ত রয়েছে, তারা যদি স্বীয় কৃতকর্মের উপর অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে ত্বাওবাহ করে নেয় তবে সেই মহান মালিক(আল্লাহ) বান্দার পাপগুলো মাফ করে দেন। তখনি বান্দা আল্লাহর সান্নিধ্যে পৌছে যায়। তাই প্রতিটি মানুষের উচিত হবে আল্লাহ সুবহানাতা’লার হুকুম,আহকাম পুরোপুরি ভাবে মেনে আমল করে চলা ও তার প্রীয় হাবীব (সাঃ) এর তরীকা ও জীবনাদর্শ তথা সুন্নতের অদর্শে বলীয়ান হয়ে জীবন-যাপন করতে হবে। যখনই এমন আমল আমাদের মাঝে চলে আসবে তখনই আমাদের মুক্তি হবে, তার আগে নয়। জামেয়া আশরাফিয়া ইসলামনগর মাটিজুরা(টুকা) মাদ্রাসার সাবেক শিক্ষক মাও.হেলাল আহমদের সঞ্চালনায় সুচিত ইসলাহী মাহফিলে বিশেষ অতিথির নসীহত পেশ করেন জামেয়া ক্বাসিমূল উলুম দরগাহ মাদ্রাসার মুহতামিম মাও. শায়েখ মুফতী আবুল কালাম জাকারিয়া। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন, বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসার মুহতামিম মাও. আবুল কালাম, বারইগ্রাম জামেয়া ইসলামীয়া হাফিজীয়া মাদ্রাসার প্রতিষ্টাতা প্রিন্সিপাল মাও. ফখরুল ইসলাম, বৃহত্তর বাহাদুরপুর যুব সমাজের সভাপতি মোঃ শামীম আহমদ, সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব ও সাধারণ সম্পাদক শিক্ষানূরাগী আব্দুল মুমিত শামীম, জামেয়া আশরাফিয়া ইসলামনগর মাটিজুরা (টুকা) মাদ্রাসার নাযীমে তালীমাত হাফিজ মাও. মাহমুদুর রহমান(গাছবাড়ী), মাও. আব্দুশ শুক্কুর (চান্দালা), মাও. মুফতী সাইফুর রহমান ও মাও. আজিম উদ্দীন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য কেএম সুহেল আহমদ সহ বৃহত্তর বাহাদুরপুর যুব সমাজের সদস্য বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের পরিসমাপ্তি ঘটে।



