লিড নিউজ
গোয়াইনঘাটে ইটভাটায় মাটি চাপায় শ্রমিক নিহত


গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে এবার ইটভাটায় মাটি চাপায় এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিক বশির উদ্দিন (৫০) গোয়াইনঘাট উপজেলার লামা পাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
বুধবার দুপুর ১টায় উপজেলার লামাপাড়ায় সালুটিকর ব্রিকস লিমিটেড নামে একটি ইটভাটায় কাজ করার সময় মাটিচাপায় তার মৃত্যু হয়।
জানা যায়, বুধবার দুপুরে ডা. আমির হোসেনের মালিকানাধীন লামাপাড়া গ্রামের সালুটিকর ব্রিকস লিমিটেড নামক ইটভাটায় মাটি শ্রমিকের কাজ করছিলেন বশির। এ সময় ইট তৈরির জন্য মজুদ করে রাখা মাটির ঢিবি থেকে মাটি ধ্বসে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




