গোলাপগঞ্জে বিষাক্ত খাবারের বিষক্রিয়ায় গৃহকর্তার মৃত্যু


গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে বিষাক্ত খাবারের বিষক্রিয়ায় গৃহকর্তার মৃত্যু হয়েছে। পরিবারের বাকি সদস্যরা আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে গোলাপগঞ্জ পৌর এলাকার ঘোষগাঁও স্বর্ণালী আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে।
জানা যায়, মঙ্গলবার রাতে গৃহকর্তা মুশফিকুর রহমান, তার স্ত্রী হাজেরা খানম, মেয়ে লাবিবা রহমান ও রাসা বেগম খাবার খেতে বসেন। তারা খাওয়াবস্থায় একে একে সবাই অচেতন হয়ে পড়েন।
পরবর্তী সময়ে বিষয়টি পাশ্ববর্তী ফ্ল্যাটের লোকজন টের পেয়ে জানালা দিয়ে দেখতে পান রাসা বেগমের মাথা দিয়ে রক্ত ঝরছে এবং পরিবারের সবাই অচেতন অবস্থায় পড়ে আছেন।
তাৎক্ষণিক প্রতিবেশীরা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুশফিকুর রহমান মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পরিবারের বাকি সদস্যবৃন্দ আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ সময় ঘরের ৩টি মোবাইলসহ কিছু মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার খবর পাওয়া গেছে।
নিরাপত্তার জন্য পুলিশ ঘরটি তালাবদ্ধ রাখায় এর সঠিক তথ্য পাওয়া যায়নি।
এদিকে সম্প্রতি একই কায়দায় গোলাপগঞ্জ পৌর এলাকার দাড়িপাতনে একটি বাসায় রাতের খাবারের সাথে দুষ্কৃতকারীরা বিষাক্ত পদার্থ মিশালে ঐ পরিবারের একজন মারা যান।
এ নিয়ে গোলাপগঞ্জের বাসা-বাড়ির লোকজন ভয়ের মধ্যে দিন যাপন করছেন। কিছু দিনের ব্যবধানে একই কায়দায় দু’টি ঘটনায় উপজেলা জুড়ে আতংকের সৃষ্টি হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।
তদন্ত সাপেক্ষে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।




