লিড নিউজ

কোন নেতার দ্বারা ব্যবহার হওয়া যাবে না : জাকির

শাবি প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ছাত্রলীগের কোন নেতার দ্বারা ব্যবহার হওয়া যাবে না। সকলকে গঠনতন্ত্র মেনে ছাত্রলীগের রাজনীতি করতে হবে।

বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা উল্লেখ করে বলেন, সকলে ঐক্যবদ্ধ থাকলে ছাত্রলীগকে কেউ হারাতে পারবে না। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এমনকি প্রত্যেকটি আন্দোলনে ছাত্রলীগের অবদান ছিল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে মেনে চলার আহ্বান জানান তিনি। সেই সাথে দেশকে এগিয়ে নিতে ছাত্রলীগ কর্মীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হওয়ার কথা বলেন।

সমাবেশ শেষে তিনি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাকির হোসাইন।

শাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক খায়ের চৌধুরী, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম ফয়সাল সহ শাবি ছাত্রলীগের অন্যান্য নেতা কর্মীরা।

Related Articles

Back to top button