কিলার বদরুলের যাবজ্জীবন


নিজস্ব প্রতিবেদক : খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার আসামি বদরুল আলমের সাজা ঘোষণা হয়েছে। তার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে সিলেটের একটি আদালত। এছাড়া রায়ে বদরুলের পাঁচ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এই রায় দেন। রায় ঘোষণার সময় বদরুল আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে রায় ঘোষণার জন্য সকাল ১০টার আগে বদরুলকে আদালতে হাজির করা হয়। পরে তাকে আদালতের কাঠগড়ায় নেয়া হয়।
সাড়ে ১১টার পর চাঞ্চল্যকর এই মামলাটির রায় ঘোষণার জন্য আদালতকক্ষে আসেন বিচারক। এরপর মামলার একমাত্র আসামি বদরুলের উপস্থিতিতে তিনি রায় পড়া শুরু করেন।
গত বছরের ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হয়ে আসার সময় হামলার শিকার হন খাদিজা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সম্পাদক বদরুল আলম তাকে কোপান।



