ওসমানীনগর উপজেলা নির্বাচন সোমবার


ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: আতংক আর উৎকণ্ঠার মধ্য দিয়ে আগামী সোমবার (৬ মার্চ) সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিদ্রোহী, বিএনপি ও জাতীয় পার্টিসহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোটারদের হিসেব-নিকেশ অনুযায়ী লড়াই হবে ত্রিমুখী।
নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মইনুল হক চৌধুরী, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আতাউর রহমান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে নাগরিক কমিটির আখতারুজ্জামান চৌধুরী জগলুর মধ্যে।
এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মইনুল হক চৌধুরী।
অপরদিকে নিজ ঘরের আগুনেই পুড়ছে আওয়ামী লীগ। বিদ্রোহী প্রার্থী সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দফতর সম্পাদক (বহিষ্কৃত) আখতারুজ্জামান চৌধুরী জগলুর কারণে আওয়ামী লীগ মনোনীত ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজপুর ইউপির পাঁচবারের ২৭ বছরের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান রয়েছেন বেকায়দায়।
উপজেলা পর্যায়ে গণসংগঠনসহ অঙ্গ-সংগঠনের অধিকাংশ সিনিয়র নেতাকর্মী জগলু চৌধুরীর সঙ্গে থাকায় বিদ্রোহী হয়েও তিনি রয়েছেন সুবিধাজনক অবস্থানে। গত কয়েক দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমানের সভা-সমাবেশ ও শোডাউনে দলের কতিপয় যেসব নেতার সরব উপস্থিতি দেখা গেছে, অনেককেই আবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগলু চৌধুরীর সভা-সমাবেশ ও শোডাউনে দেখা গেছে। দলের কতিপয় নেতাকর্মী দিনে আতাউর রহমান আর রাতে জগলু চৌধুরীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন।
দলের এসব নেতাকর্মীর দ্বিমুখী আচরণে আওয়ামী লীগের আসল নেতাকর্মী ও সচেতন ভোটাররা বলেছেন, যারা এসব কাজ করছেন তার আদৌ কি এই দুই প্রার্থীকে ভোট দেবেন।
সাধারণ ভোটাররা মনে করছেন, নির্বাচনে আওয়ামী লীগের কোন্দল, বিদ্রোহী প্রার্থী মাঠে থাকা আর দলের কতিপয় নেতাকর্মীর ক্ষণে ক্ষণে রং বদলানোর কারণে অবশেষে জয়ের মালা বিএনপি মনোনীত প্রার্থী মইনুল ইক চৌধুরীর গলায় চলে যেতে পারে। তবে সাধারণ ভোটার আনেকেই মনে করছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জগলু চৌধুরীর ঘোড়ার আওয়াজ যেভাবে শোনা যাচ্ছে সে কারণে তিনিও চমক দেখাতে পারেন।
রোববার মধ্যরাত থেকে শেষ হয়ে যাবে প্রচার-প্রচারণা। তাই সর্বশক্তি দিয়ে প্রার্থী ও তাদের সমর্থকরা ভোট ভিক্ষা চাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। পবিত্র এ আমানত প্রদান করতে প্রার্থীদের যোগ্যতা ও ব্যক্তিত্ব নিয়ে হিসাব কষছেন সচেতন ভোটাররা।
এবারের নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এ তিনটি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়াম্যান পদপ্রার্থী চারজন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চারজন। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়া আতাউর রহমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি। জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী (জগলু চৌধুরী) বিদ্রোহী প্রার্থী হয়েছেন। জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মইনুল হক চৌধুরী ও জাতীয় পার্টির শিব্বির আহমদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা : নির্বাচন উপলক্ষে ওসমানীনগর উপজেলায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাচন অফিস কর্তৃক প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।




