লিড নিউজ

এক জঙ্গির ফাঁসি কার্যকর হতে পারে সিলেট কারাগারে

নিউজ ডেস্ক : সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন রিপনের ফাঁসি সিলেট কেন্দ্রীয় কারাগারেই কার্যকর হতে পারে। কারা সংশ্লিস্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

রিপন বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। জঙ্গি মুফতি হান্নানের এই ঘনিষ্ট সহচরকে কারাগারে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। তবে মঙ্গলবার পর্যন্ত কারাগারে রিপনের ফাঁসির আদেশের কোনও অনুলিপি এসে পৌঁছেনি।

সোমবার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষনেতা মুফতি হান্নানসহ তিন জঙ্গির ফাঁসির আদেশের বিরুদ্ধে করা রিভিউর আবেদন খারিজ করে দেয় আদালত। ফলে এবার অপেক্ষা কেবল রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার। রাষ্ট্রপতি প্রাণভিক্ষা না দিলে ফাঁসিতেই ঝুলতে হবে এই তিন জঙ্গিকে।

এদের মধ্যে  মুফতি আব্দুল হান্নান ও শরীফ শাহেদুল বিপুল রয়েছেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এবং রিপনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘জঙ্গি হান্নানের অন্যতম সহেযোগী দেলোয়ার হোসেন রিপনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে কঠোর নিরাপত্তার মধ্য একটি সেলে আটকে রাখা হয়েছে।

এখন পর্যন্ত কারাগারে তার ফাঁসির আদেশের কোনও অনুলিপি আসেনি। তবে আসার পর বিস্তারিত জানা যাবে। আশা করছি বুধবার (২২ মার্চ) আমাদের কাছে আদেশের কাগজপত্র এসে পৌঁছাবে।’

তবে সিলেট কারাগারে রিপনের মৃত্যুদন্ড কার্যকরের ব্যাপারে কোনো নির্দেশনা পাননি বলে জানান তিনি।

Related Articles

Back to top button