আহত র্যাব কর্মকর্তাদের ঢাকায় প্রেরণ


নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানায় অভিযানের কাছে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টা ও রাত ৮টায় শিববাড়ি এলাকায় বোমা দু’টি বিস্ফোরিত হয়। প্রথম বোমাটি জঙ্গিদের হামলার মাধ্যমে ঢাকা-সিলেট মহাসড়কের গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদরাসা সংলগ্ন পুলিশ চেকপোস্টে বিস্ফোরিত হয় এবং দ্বিতীয়টি উদ্ধারের পর নিষ্ক্রিয় করতে গিয়ে এর বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে আহত হওয়ার পর এই র্যাব কর্মকর্তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে চিকিৎসা দেওয়া হয়। সেখানে কয়েক দফা অস্ত্রোপচারের পর মধ্যরাতে তাকে ঢাকায় আনা হয়। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আবুল কালাম আজাদকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে জানিয়েছেন।
ওসমানী মেডিকেলের চিকিৎসক অন্তর দীপ নন্দী বলেন, “তাঁকে মুমুর্ষূ অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তাঁর সারা শরীরে স্প্লিন্টার ছিল। এখানকার চিকিৎসকরা বেশ কয়েকটি অস্ত্রোপচার করেছেন। স্থিতিশীল অবস্থায় নিয়ে তাকে ঢাকায় পাঠানো হয়।”
রাত ১২টায় সিলেট থেকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয় র্যাব কর্মকর্তা আজাদকে।




