লিড নিউজ
১৪ মার্চ খালেদাকে আদালতে হাজিরের নির্দেশ


মিডিয়া ডেস্ক: রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ১০টিসহ মোট ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী ১৪ মার্চ হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে হাজিরের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় তার পক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক নতুন করে দিন ধার্য করেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলোর মধ্যে রয়েছে মিরপুরের দারুস সালাম থানায় নাশকতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার বিস্ফোরক আইনের মামলা। এর আগে গত ১ ফেব্রুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ আদালত কামরুল হোসেন মোল্লা খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।




