বড়লেখায় দুস্থ নারীর মধ্যে কার্ড ও সেলাই মেশিন বিতরণ


বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ২৬৩৫ জন দুস্থ নারীর মধ্যে ভিজিডি, মাতৃত্বকালীন, মাতৃ সহায়তা কার্ড ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এগুলো বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদুর রহমানের সঞ্চালনায় বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আমিনুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার, কাতার আওয়ামী লীগের সভাপতি কপিল উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা বেষ্টনীমূলক কার্যক্রমের আওতায় ১ হাজার ৫৫২ জনকে দুস্থ নারীকে ভিজিডি কার্ড, ৭৮০ জন নারীকে মাতৃত্বকালীন ভাতার কার্ড, ৩০০ জনকে মাতৃ সহায়তা কার্ড ও তিনজনকে সেলাই মেশিন প্রদান করা হয়।



