পরিবহন ধর্মঘটে সারা দেশে সীমাহীন দুর্ভোগ


সিলেট মিডিয়া ডেস্ক: বাসচালক জমির হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার থেকে সারাদেশে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সোমবার রাত সোয়া ১১টার দিকে এ ধর্মঘটের ডাক দেয় তারা। এর আগে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক মিশুক মুনীর ও চলচিত্র নির্মাতা তারেক মাসুদসহ ৫ জন নিহত হওয়ার মামলায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
রায়ের পর থেকেই খুলনা অঞ্চলে ধর্মঘট পালন করে আসছিলো তারা।সোমবার রাতে ঢাকার মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভায় মঙ্গলবার ভোর থেকে সারাদেশে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম বক্স দুদু বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর ৬টা থেকে দেশব্যাপী পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে।
মধ্যরাতে হঠাৎ করে তাদের এ ধর্মঘটের ডাকে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। জরুরী দরকারে যারা রাতে কিংবা ভোরে বিভিন্ন গন্তব্যে রওয়ানা দিয়েছিলেন তাদের অনেকেই রাস্তাঘাটে নানান জায়গায় আটকে আছেন বলে আমাদের সংবাদদাতারা জানিয়েছেন। তাদের কারো কারো সাথে শিশু এবং মহিলা রয়েছেন। ফলে চরম দুর্ভোগে পড়েছেন তারা । অনেকেই পরিহন শ্রমিকদের এই ধর্মঘটকে চরম নৈরাজ্য বলে দাবি করে তাদের কঠোর হাতে দমনের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। তারা বলছেন কিছু ঘটলেই কথায় কথায় যখন ইচ্ছা তখন ধর্মঘটের ডাক একটি স্বাধীন দেশে কোনো ভাবেই মানা যায় না।




