নাফ নদীতে বিজিপির গুলিতে নিহত বাংলাদেশি জেলে


মিডিয়া ডেস্ক: কক্সবাজার জেলার টেকনাফের নাফ নদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে একজন বাংলাদেশি জেলে নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ-মিয়ানমার জলসীমার মৌলভীপাড়া সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।
নিহত জেলে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার কবির আহমদের ছেলে নুরুল আমিন ও গুলিবিদ্ধ হচ্ছে একই এলাকার সোনা মিয়ার ছেলে মোস্তফা হোসেন।
ফেরত আসা জেলে মোহাম্মদ হাকিম জানান, সোমবার ভোরে বাংলাদেশ সীমান্তে নাফনদীর মৌলভীপাড়া পয়েন্টে মাছ শিকারে তারা তিনজন। কিন্তু সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সাত সদস্য একটি স্পিডবোট নিয়ে বাংলাদেশে সীমান্তে ঢুকে তাদের ওপর গুলি চালায়। এসময় নুরুল আমিন ও মোস্তফা হোসেন গুলিবিদ্ধ হলে তাদের নিয়ে টেকনাফে ফিরে আসেন।
পরে স্থানীয় আরো কয়েকজন জেলে সহায়তায় টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুবন দাশ জানান, নুরুল আমিনের বুকে গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আসার আগেই মারা যান। আরেক জেলে মোস্তফা হোসেনের পিঠে গুলি লেগেছে। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিজিবির কোনো বক্তব্য পাওয়া না গেলেও টেকনাফ থানার ওসি আব্দুল মজিদ জানান, মিটিংয়ের কারণে তিনি কক্সবাজার শহরে রয়েছেন। তবে সকালে টেকনাফ বিজিবির অধিনায়ক তাকে ফোনে বাংলাদেশি জেলেরা মিয়ানমারের জলসীমায় ঢুকে মাছ শিকার করায় বিজিপি সদস্যরা গুলি করেছে বলে জানিয়েছে। টেকনাফ থানা থেকে পুলিশের একটি দল স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।




