দিরাই-শাল্লা আসনে নৌকার কান্ডারী জয়া


নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সদ্যপ্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে রাজনৈতিক অভিভাবক।
বর্ষীয়ান এই রাজনীতিকের প্রয়াণের পর সুরঞ্জিতের শূন্য এ আসনের উপ-নির্বাচনে দলের প্রার্থী নির্ধারণ করা হয়েছে সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তকে।
প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবনে শুরু হতে যাওয়া দলের মনোনয়ন বোর্ডের বৈঠকে এ মনোনয়ন প্রদান করেছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের একটি ঘনিষ্টসূত্র সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ৩০ মার্চ এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে জয়া সেনগুপ্তের পক্ষে পুত্র সৌমেন সেনগুপ্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
প্রসঙ্গত, এ আসনের মোট ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৪৭৪ জন ও মহিলা ভোটার ১ লাখ ২২ হাজার ৩৬৪ জন। –




