লিড নিউজ
দিরাইয়ে মেলার নামে জুয়া ও অশ্লীলতা বন্ধের আবেদন গ্রামবাসীর


দিরাই প্রতিনিধিঃ দিরাইয়ে ঐতিহ্যবাহী ধলের মেলার নামে জুয়া ও অশ্লীলতা বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত আবেদন করেছেন ধল গ্রামবাসী।
সোমবার বিকেলে তাড়ল ইউপি চেয়ারম্যান সহ গ্রামের শতাধিক মানুষের স্বাক্ষরিত আবেদনটি দাখিল করা হয়। লিখিত আবেদন থেকে জানা যায় ধল গ্রামের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্ম স্থান, কালনী নদীর দক্ষিণ পাড়ে প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম বুধবার সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর পূজা উপলক্ষে যুগযুগ ধরে এই মেলা হয়ে আসছে।
একটি স্বার্থান্বেষী মহল উন্নয়নের নামে এই মেলাটি লিজ দিয়ে মেলায় মদ, জোয়া ও অশ্লীল নাচ (ভেরাইটিজ শো) দিয়ে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই নিয়ে এলাকায় মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
তাড়ল ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বলেন ঐতিহ্যবাহী ধলের মেলা হোক আমরা চাই তবে বেহায়াপনা ও অশ্লীলতা বন্ধ করে শান্তি পুর্ন ভাবে হিন্দু ধর্মাবলম্বীদের পরমেশ্বর পূজা যাতে হিন্দু ধর্মালম্বীরা নির্বিঘ্নে করতে পারে যে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কর্মকর্তাদের কাছে দাবী জানাচ্ছি।
ভাটি দলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ করলে তারা বলেন পুর্বপুরুষদের যুগ পরমেশ্বর পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী ধলের মেলাটি হয়ে আসছে কিন্তু এখন অশ্লীলতা ও নাচ-গান পরিবেশন করে মেলাটি বন্ধের পায়তারা করছেন কিছু কিছু মানুষ, আমরা চাই মেলাটি শান্তি শৃঙ্খলা ভাবে হোক।




