জাবিতে ছাত্রলীগ নেতাকর্মীসহ ১২জন বহিষ্কার


বহিষ্কৃতদের মধ্যে ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ও আ ফ ম কামাল উদ্দিন হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক এস এম শরীফ আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী নাজমুল হুদাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এছাড়াও ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ও বটতলা এলাকায় মারামারির ঘটনায় ৪২তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান শিহাব (দর্শন বিভাগ), মো. ইয়াছিন (ভূগোল ও পরিবেশ বিভাগ), নাজমুল হুদা (গণিত বিভাগ), ইসতিয়াক আহমেদ চৌধুরী (প্রাণিবিদ্যা বিভাগ), দিবেন্দু বিশ্বাস দ্বীপ (গণিত বিভাগ)। অর্থনীতি বিভাগ ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী জহুরুল হক, এস এম ইনামুজ্জামান শুভ, মো. আশিকুর রহমান এবং ৪০তম ব্যাচের সাইদুল (অর্থনীতি বিভাগ), ৪১তম ব্যাচের মো. মিজানুর রহমানকে (প্রত্মতত্ত্ব বিভাগ) সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এদের মধ্যে ছাত্রলীগকর্মী নাজমুল হুদাকে ভর্তি জালিয়াতি ও মারামারি দুই ঘটনায়ই সাময়িক বহিষ্কার করা হয়।
অন্যদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে নৃবিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলামের ছাত্রত্ব বাতিল এবং বিশ্ববিদ্যালয় থেকে তাকে চিরতরে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী জানান, সাময়িক বহিষ্কার থাকাকালীন সময়ে এ শিক্ষার্থীরা আবাসিক হলে অবস্থান এবং কোনো ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারবে না।




