কুমারাগাঁওয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক


নিজস্ব প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারাগাঁওয়ে ইয়াবা ও ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জানা যায়- রবিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে ৪১ বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-সুনামগঞ্জ রোডস্থ কুমারগাঁও বাসস্টান্ড সংলগ্ন হোটেল কক্ষে অভিযান চালায়। অভিযানে হোটেল কক্ষ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক পাচারকারী মো. শাহ আলম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তি নেত্রকোনার বারহাট্টা থানার চন্দ্রপুর গ্রামের মৃত আলতু মিয়ার পুত্র।
জব্দকৃত মাদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তিকে জালালাবাদ থানায় সোপর্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সচেতন অভিভাবকমণ্ডলী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে ভয়াবহ আগ্রাসী এই মাদক পরিবহন, বাজারজাত, ব্যবহার রোধে সর্বাত্মকভাবে সচেষ্ট থাকতে এবং এ বিষয়ে তথ্য দিয়ে ৪১ বিজিবি’র চলমান মাদকবিরোধী এই অভিযানকে আরও ফলপ্রসূ করতে সহায়তা প্রদানের জন্য ৪১ বিজিবি’র পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।




