অস্বাভাবিক সরকার গঠনই খালেদা জিয়ার উদ্দেশ্য: তথ্যমন্ত্রী


এস.এম.আবু ওবাইদা-আল- মাহাদী, কুষ্টিয়া : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়ার উদ্দেশ্য হচ্ছে আরেকটা নির্বাচনকালীন সরকার গঠন করা নয়, একটি অস্বাভাবিক সরকার গঠন করা। আর এই অস্বাভাবিক সরকার আসলে খালেদা জিয়া যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক গোষ্ঠিকে রক্ষা করতে পারবেন একই সাথে তিনি চুরি দুর্নীতির মামলা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। রবিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য কোন নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহন করতে চাননা, নির্বাচনকে বানচাল করতে চান। সেই কারনে তিনি ৫ জানুয়ারীর নির্বাচনের আগে অন্তবর্তীকালীন সরকার গঠনের চক্রান্ত করেছিলেন। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জেলা জাসদের সাধারন সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ জাসদের নেতৃবৃন্দ।




