হরিপুরে সেতুবন্ধন সামাজিক সংঘের আত্মপ্রকাশ


নিউজ ডেস্ক: একদল তরুণ-যুবকের সমন্বয়ে গ্রামীণ সমাজের সকল অসঙ্গতি-মাদকপ্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধের উদ্যোগ এবং সুনাগরিক হিসেবে মানবকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে ব্যতিক্রমী সামাজিক সংগঠন ‘সেতুবন্ধন সামাজিক সংঘ’ আত্মপ্রকাশ করেছে।
গতকাল ২ ফেব্রুয়ারি বুধবার বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার তরুণ-যুবকদের উদ্যোগে এই সামাজিক সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। স্থানীয় বাগেরখাল গ্রামের মহরির বাজারে প্রায় শতাধিক উদ্যোমী তরুণ ও যুবকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক প্রীতি সমাবেশে সেতুবন্ধন সামাজিক সংঘের নাম ঘোষণা করা হয়। এলাকার বিশিষ্ট সমাজসেবক আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও তরুণ সংবাদকর্মী আহসান হাবীবের সঞ্চালনায় উক্ত প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জয়নাল আবেদীন।
প্রীতিসমাবেশে ‘সামাজিক সংগঠন সেতুবন্ধন সামাজিক সংঘ’ প্রতিষ্ঠার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন তরুণ সমাজকর্মী খোরশেদ আলম। পরে উপস্থিত সকলের কণ্ঠভোটে তরুণ সমাজসেবক সজল কুমার দাশকে সভাপতি ও খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন-সহ সভাপতি শফিকুল ইসলাম শফি, যুগ্ম সাধারণ সম্পাদক সাজন আহমদ সাজু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাচ্চু, সহ সাংগঠনিক সম্পাদক অজয় বৈদ্য জয়, অর্থ সম্পাদক মুহাম্মদ হারুনুর রশীদ, প্রচার সম্পাদক ইমরান আহমদ, প্রকাশনা সম্পাদক রোকশানা আক্তার শাম্মি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মিলন কান্তি দাশ, ক্রীড়া সম্পাদক সুমন দত্ত।
কার্যকরী কমিটি গঠন পরবর্তী আলোচনা সভায় প্রধান উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, সমাজকে আলোকিত করার জন্যে তরুণ-যুবকদের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। আমি আশা করি, সেতুবন্ধন সামাজিক সংঘ সমাজের সকল শ্রেণিপেশার মানুষের কল্যাণে কাজ করবে। এই সংগঠনের উদ্যোক্তা তরুণদের প্রশংসা করে তিনি বলেন, আমি আশাবাদী সমাজকে আলোর পথে পরিচালনা করতে সেতুবন্ধন সামাজিক সংঘ অগ্রণী ভূমিকা রাখবে।
‘সেতুবন্ধন সামাজিক সংঘ’ প্রতিষ্ঠার লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে প্রতিষ্ঠাতা সভাপতি সজল কুমার দাশ বলেন, আমরা নেতা হওয়ার জন্যে বা ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নিয়ে এই সংগঠন প্রতিষ্ঠা করিনি। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হলো সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো। এলাকার দরিদ্র পরিবারগুলোতে বাল্যবিবাহের প্রথা এখনও চালু রয়েছে। আমরা বাল্যবিবাহ প্রতিরোধ ও মেয়েদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করতে চাই।
শুরুতে স্বাগত বক্তব্যে খোরশেদ আলম বলেন, সমাজ থেকে মাদকসহ সকল অসামাজিক কার্যক্রম দূর করতেই সেতুন বন্ধন সামাজিক সংঘ আত্মপ্রকাশ করেছে। তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।




