আন্দোলনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্তি এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির স্বকীয়তা ও মর্যাদা রক্ষার দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা রোববার আন্দোলনে নামেন। বেলা ১১টা থেকে প্রশাসনিক ভবন অবরোধ করে শিক্ষার্থীরা ১৪ শিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করেন।
শিক্ষার্থীদের দাবি, কলেজটিকে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে নিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস, পরীক্ষা, ল্যাবসহ সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
আন্দোলনের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয় বর্তমান অধ্যক্ষ মো. আসাদুজ্জামানকে বদলি করে মো. সাহিদ ইকবালকে নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করে। তবে শিক্ষার্থীরা এ আদেশ প্রত্যাখ্যান করে দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা দিয়েছেন।




