
স্টাফ রিপোর্ট:
আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে সিলেট জেলার গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও মৌলভীবাজারের একটিসহ মোট ৩ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গতকাল রোববার ছিল মনোনয়নপত্র বাছাইর শেষ দিন। আগামী ১০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ও ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে।
এদিকে এ তিন পৌরসভার নির্বাচনের প্রার্থীতা বাছাই সম্পন্ন হয়েছে।
জানা যায়, গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে ৪ মেয়র প্রার্থীসহ ৫৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া, দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইকালে ব্যাংকের ঋণ খেলাপির দায়ে ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. লায়েক আহমদ ও পৌরসভার তালিকাভূক্ত ঠিকাদার হওয়ায় ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুজিবুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়।
বাকি সকলের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার ও সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়সল কাদের। বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার সাইদুর রহমান।
এই পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহেল আহমদ, বিএনপি মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, বর্তমান পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম রাবেল, সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা জাকারিয়া আহমদ পাপলুসহ মোট ৬১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
এর মধ্যে ৯টি ওয়ার্ডে ৪৭ প্রার্থী সাধারণ কাউন্সিলর পদে ও ৩টি ওয়ার্ডে ১০ জন প্রার্থী সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেন।
জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়ন বাছাই শেষে রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফয়ছল কাদের ৭ মেয়র প্রার্থী ও সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলরসহ মোট ৪৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।
তবে বিএনপির বিদ্রোহী প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরার হলফনামায় স্বাক্ষর না থাকায় ও ১শ জনের স্বাক্ষরের তালিকার মধ্যে দুজন স্বাক্ষর দেননি অস্বীকার করার দায়ে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বাছাইকালে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, বিএনপির দলীয় প্রার্থী সাবেক মেয়র ইকবাল আহমদ তাপাদার, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক (পদত্যাগী) বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মালেক ফারুক, স্বতন্ত্র প্রার্থী কাজী হিফজুর রহমান, জাফরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান শাকীব জানান, যাচাই-বাছাই শেষে ৮ মেয়র প্রার্থীর মধ্যে ত্রুটি থাকায় শুধুমাত্র স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তাছাড়া কাউন্সিলর পদে সাধারণ ও সংরক্ষিত মোট ৪২জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
সিলেট বিভাগের মধ্যে একই দিন মৌলভীবাজার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী প্রার্থীদের মনোনয়ন যাছাইবাছাই পর্ব ছিল রোববার। মৌলভীবাজারে ৮ কাউন্সিলরের প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। জেলা অতিরিক্ত রিটারনিং অফিসার মামুনুর রশিদ বাতিলের নির্দেশ দেন। তবে মেয়র কিংবা মহিলা কাউন্সিলরদের মনোনয়ন বাতিল হয়নি।
জানা যায়, মেয়র পদে ৩, কাউন্সিলর পদে ৩১ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছেন বর্তমান মেয়র ও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, বিএনপির অলিউর রহমান ও স্বতন্ত্র আ’লীগ বিদ্রোহী সাইফুর রহমান বাবুল।