নিউজ ডেস্ক: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিয়ানীবাজার পৌরসভার নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ রুশনা বেগম (৫৫) মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার রাত ১০টায় তিনি সিলেট নগরীর বেসরকারি হাসপাতাল মাউন্ট এডোরার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে বিয়ানীবাজার উপজেলায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রুশনা বেগম দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হওয়ার পর তার করোনা পজিটিভ ধরা পড়ে। রুশনা বেগমের বাড়ি পৌর এলাকার সুপাতলায়। শনিবার সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে রুশনা বেগমের জানাজার নামাজ ও দাফনকার্য সম্পন্ন হবে।
এদিকে, একইদিনে প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় নতুন করে আরও ১০জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪৯জনে। অন্যদিকে, সংক্রমিতদের সংখ্যা বাড়ার সাথে সাথে সেরে ওঠার হারও বাড়ছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৬১জন করোনা রোগী।