
মরণ তোমায় করবে স্মরণ
ইহসান জাহিদ
আকাশ ছোঁয়া স্বপ্ন তোমার
অন্তবিহীন আশা,
মনের মাঝে আঁকছো ছবি
অজস্র রং মাখা।
ভাবছো তুমি নানান কথা
বুনছো সুখের নীড়,
তোমার মনের কল্পনাতে
ভোগ বিলাসের ভীড়।
জীবন মাঝে ডুবে আছো
ভাবছো নিজের কথা,
ভুলে গেছো কঠিন সত্য
অমোঘ বাস্তবতা।
রং তামাশা চিত্ত সুখে
বিভোর তুমি রোজ,
ভুলে গেছো মরণ তোমার
রাখছে সকল খোঁজ।
সময় হলে ডাকবে তোমায়
আসবে মরণ দ্বারে,
শূণ্য হাতে যেতে হবে
একলা পরপারে।