খেলা ডেস্ক: পাঁচ উইকেটে ২৩৬ রান। কাল স্কোরকার্ডে যোগ করা এই রান নিয়ে আজ দ্বিতীয় দিনের সকাল শুরু করেছিল জিম্বাবুয়ে। এরপর আর ৪৬ রান যোগ করতেই শেষ তাদের বাকি পাঁচ উইকেট।
জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয়েছে। পিটার মুর (অপরাজিত ৬৩) একদিক আগলে রাখলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। সঙ্গ দেয়ার চেষ্টা করেছেন শুধু চাকাভা (২৮)।
কাল টেস্টের প্রথম দিনে বাংলাদেশ জিম্বাবুয়ের পাঁচটি উইকেট তুলে নিয়েছিল। দিন শেষে সফরকারীদের স্কোর ছিল ২৩৬/৫। ২০১ রানে তাদের পঞ্চম উইকেটের পতন ঘটে। পরে মুর (৩৭) আর চাকাভা (২০) মিলে ৩৫ রানের জুটি গড়ে কাল দিন শেষ করেছিলেন।
তাদের সেই জুটি ৬০ রান তুলে আজ বিচ্ছিন্ন হয়েছে। ২৬১ রানে চাকাভা তাইজুলের শিকার হওয়ার পর বাকি চার উইকেট পড়েছে মাত্র ২১ রানে।
তাইজুল ইসলাম ৬ উইকে নিয়ে একাই ধসিয়ে দিযেছেন জিম্বাবুয়ের ইনিংস। ক্যারিয়ারে চতুর্থবারের মতো ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট পেলেন তাইজুল। পর পর দুই বলে দুই উইকেট নিয়ে জিম্বাবুয়ের ইনিংস শেষ করেছেন এই স্পিনার। দ্বিতীয় ইনিংসে নিজের করা প্রথম বলে উইকেট পেলে হ্যাটট্রিক হবে তার। আজ জিম্বাবুয়ের পাঁচটি উইকেটের চারটিই নিয়েছেন তাইজুল। এই ম্যাচে অভিষিক্ত নাজমুল ইসলাম নিয়েছেন ২ উইকেট।
জিম্বাবুয়ের প্রথম ইনিংস শেষের পর ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। লিটন দাস আর ইমরুল কায়েস মিলে ইনিংস ওপেন করেছেন।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২/১০ (শেন উইলিয়ামসন ৮৮, পিটার মুর ৬৩*, হ্যামিল্টন মাসাকাদজা ৫২, চাকাভা ২৮, সিকান্দার রাজা ১৯, ব্রায়ান চারি ১৩, ব্রেন্ডন টেইলর ৬, ওয়েলিংটন মাসাকাদজা ৪, ব্রেন্ডন মাভুটা ৩, কাইল জার্ভিস ৪, চাতারা ০); তাইজুল ইসলাম ৬/১০৮, নাজমুল ইসলাম অপু ২/৪৯, আবু জায়েদ রাহী ১/৬৮, মাহমুদউল্লাহ ১/৩।