সিলেটিমিডিয়াডেস্কঃ নগরীর মীরাবাজারে মা ও ছেলে খুনের ঘটনায় এক আবাসন ব্যবসায়ীকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার দিবাগত নাজমুল হাসান নামের ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের মুক্তিরচক গ্রামের মৃত করিম মিয়ার ছেলে।
আজ বুধবার বিকেলে নাজমুলকে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নাজমুল হাসানকে বুধবার বিকেলে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। তার দশ দিনের রিমান্ড চাইলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন সহকারি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী।
প্রসঙ্গত, গত রবিবার সকালে সিলেট নগরীর মিরাবাজার খাঁরপাড়া মিতালী ১৫/জি নম্বর বাসা থেকে পার্লার ব্যবসায়ী রোকেয়া বেগম ও তার ছেলে রবিউল ইসলাম রোকনের লাশ উদ্ধার করে পুলিশ। ঘাতকরা রোকেয়ার শিশুকন্যা রাইসাকেও খুন করতে চেয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
রাইসার গলায় চেপে ধরা হলে সে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে মৃত ভেবে চলে যায় ঘাতকরা। রাইসার গলা থেকে ঘাতকের আঙ্গুলের ছাপ সংরক্ষণ করা হয়েছে। এই জোড়া খুনের ঘটনায় রোকেয়ার ভাই জাকির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।