
মধুযামিনীর কথা
সঞ্জয় আচার্য
ঋতু বসন্ত ঋত বসন্ত
গীত বসন্ত প্রীত বসন্ত
দক্ষিণ পবনে হৃদয় অশান্ত
পাতা ঝরা দিনে,
মধুর বসন্ত বিধুর বসন্ত
ফেরারি বসন্ত ভ্রামরী বসন্ত
নাগরিক মনে কে যেন অনন্ত
ফুলশর হানে।
অনাদি বসন্ত অদেখা বসন্ত
দ্রোহের বসন্ত প্রেমের বসন্ত
অবশ শরীরে ধুলোর বসন্ত
আবির মাখায়,
বিরহী বসন্ত ফুলেল বসন্ত
বিগত বসন্ত দুয়ারে বসন্ত
বনে বনে আজ নটরাজ বসন্ত
শিঞ্জিনী বাজায়।
পলাশে বসন্ত শিমুলে বসন্ত
অশোকে বসন্ত পিয়ালে বসন্ত
ধরার বুকে নবীন বসন্ত
লাগায় আগুন,
কাব্যে বসন্ত কাগজে বসন্ত
শিল্পে বসন্ত কলমে বসন্ত
ফিরে আসে বার বার প্রাণের বসন্ত
উতলা ফাগুন।