বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জে এক স্কুলছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। ধর্ষনের শিকার ওই স্কুল ছাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বালাগঞ্জের একটি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ।
এই ঘটনায় স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে ধর্ষনের ঘটনার সাথে জড়িত দুই যুবকের নাম উল্লেখ করে শনিবার রাতে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৩।
মামলায় অভিযুক্তরা হলেন-বালাগঞ্জ ইউনিয়নের সিরিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আশিক মিয়ার ছেলে আরিফ (১৯) ও তার বন্ধু হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দত্তগ্রামের উপেন্ড দাসের ছেলে বর্তমানে বালাগঞ্জ সদরস্থ নবীনগরের ছবির মিয়ার বাসার ভাড়াটে রুমন দাশ (১৭)।
মামলার অভিযোগ বিবরণে জানা গেছে, স্কুল ছাত্রীর পিতা পেশায় একজন বাবুর্চি। তিনি পারিবার নিয়ে বালাগঞ্জ সদরস্থ চাঁনপুর গ্রামে বসবাস করছেন। শনিবার সকালের দিকে ওই স্কুল ছাত্রী স্কুলে যাওয়ার পথিমধ্যে ধর্ষক আরিফ স্কুল ছাত্রীকে অরিফের বন্ধুু রুমনের বাসায় নিয়ে দুই বন্ধু মিলে একাধিকবার ধর্ষন করে।
এসময় ধর্ষনের ভিডিও মোবাইলে ধারণ করে ধর্ষকরা। স্কুল ছাত্রীর বরাত দিয়ে তার মা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ধর্ষকরা ভয় দেখিয়ে আমার মেয়েকে ধর্ষন করে ধর্ষনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবে বলে তারা আমার মেয়েকে হুমকি দিয়েছে।
বালাগঞ্জ থানার ওসি এসএম জালাল উদ্দিন বলেন, ধর্ষনের শিকার স্কুল ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষকদের গ্রেফতার করতে বালাগঞ্জ ও পাশ্ববর্তী ওসমানীনগর থানার একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, গত বছর বালাগঞ্জ ডিগ্রী কলেজের এক ছাত্রকে ছুরিকাহত করার অভিযোগে ধর্ষন মামলায় অভিযুক্ত আরিফ ও রুমনের বিরুদ্ধে বালাগঞ্জ থানায় মামলা হয়েছিল, মামলাটি বিচারাধীন রয়েছে।