
নিজস্ব প্রতিবেদক: একাত্তরে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হিসেবে মুক্তিযুদ্ধ করেন সৈয়দ লিয়াকতুজ্জামান। ২৫ মার্চ চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে পাকিস্তানি বাহিনীর হামলা মোকাবিলা করেন। এপ্রিলে দামপাড়া পুলিশ লাইন থেকে এক নম্বর সেক্টরে যোগ দেন। কিন্তু পুলিশের মুক্তিযোদ্ধা তালিকায় নাম নেই তার।

দক্ষিণ সুরমা উপজেলার খানুয়া গ্রামের বাসিন্দা সৈয়দ লিয়াকতুজ্জামানের মেয়ে শাহেদা সুলতানা স্বাধীনতার ৪৭ বছর পর বাবার নাম পুলিশের মুক্তিযোদ্ধার তালিকায় তুলতে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে আবেদন করেন।

শাহেদা সুলতানা জানান, যুদ্ধশেষে আমার বাবা ফের পুলিশ বাহিনীতে যোগ দেন এবং ১৯৯৪ সালের ১ এপ্রিল অবসরে যান। তিনি চাকরিতে থাকাকালে পুলিশের মুক্তিযোদ্ধাদের আলাদা তালিকা করা হয়নি। ২০০৬ সালে তিনি মারা যান। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য পুলিশ বাহিনীকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। কিন্তু যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা বাবার সন্তান হিসেবে পুলিশের কোনো অনুষ্ঠানে আমরা ডাক পাই না। জেলা প্রশাসনের পক্ষ থেকেও আজ পর্যন্ত খোঁজ নেওয়া হয়নি ।

শাহেদা বলেন, ‘মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা’ নামে পুলিশ সদর দপ্তর থেকে একটি বই বেরিয়েছে। ওই বইয়ে আমার বাবা মুক্তিযোদ্ধা সৈয়দ লিয়াকতুজ্জামানের (কনস্টেবল নং ১৯৫০) নাম নেই। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের জন্য তার নাম থাকা দরকার। এ ব্যাপারে স্থানীয় সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদউস সামাদ চৌধুরী জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে সুপারিশ করা হয়েছে। শিগগিরই বিষয়টির সুরাহা হবে বলে জানান তিনি।