বিশেষ প্রতিবেদন: ‘আমার যাওয়ার পেছনে কারো কোনো হাত নেই। সম্পূর্ণ নিজের চিন্তায় নিজে সিন্ধান্ত নিয়েছি। কেউ কিছু বললে এই চিঠি দেখাবেন প্রমাণ স্বরূপ। আমি কোনো জঙ্গি দলে যোগ দিচ্ছি না, আমি খারাপ কাজ বা খারাপ পথে কোনো দিন চলব না…!’ হাতে লেখা তিন পাতার একটি চিঠিতে লেখা এসব কথা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে বাসার পড়ার টেবিলে পাওয়া গেছে এ চিঠি। এরপর থেকে পাওয়া যাচ্ছে না চিঠির লেখক তরুণ ইমাদ আহমেদ চৌধুরী (২৩)। সিলেট নগরের দরগাহমহল্লার পায়রা আবাসিক এলাকার বাসিন্দা ইমাদ সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ছাত্র (অনার্স তৃতীয় বর্ষ)। পরিবারের ধারণা, চিঠি লিখে নিরুদ্দেশ হয়েছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি নং-(২০২১) দায়ের করে তাঁর সন্ধানে তৎপরতা চালানো হয়েছে। এমনকি ঢাকা, সিলেটসহ গ্রামের বাড়ি পর্যন্ত সকল আত্মীয়-স্বজনসহ পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
থানায় সাধারণ ডায়রিটি দায়ের করেন ইমাদের বড় ভাই বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সিলেটের পরিদর্শক জিল্লুর রহমান চৌধুরী। দরগামহল্লার পায়রা আবাসিক এলাকায় তাঁদের বাসা।নিখোঁজ হওয়া ইমাদ আহমেদ চৌধুরী ওই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে বলে পুলিশ জানায়।
তিনি জানান-পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস আছে ইমাদের। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হওয়ার পর সে আর ফেরেননি। তাঁকে খোঁজাখুঁজি করতে গিয়ে পড়ার টেবিলে চিঠিটি পাওয়া যায়। পরে দেখা যায়, তাঁর ব্যবহৃত মুঠোফোন বাসায় রাখা। এমনকি তাঁর ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করা পাওয়া গেছে। যার কারণে ভাইয়ের সন্ধানে ডায়রি করেছি। আমরা ধারণা করছি সে পরিবারের সদস্যদের ওপর অভিমান করে চলে গেছে। ভবিষৎতের নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়রি করেছি।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানিয়েছেন- সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ছাত্র (অনার্স তৃতীয় বর্ষ) ইমাদ আহমেদ চৌধুরী বাসায় একটি চিঠি লিখে নিখোঁজ রয়েছেন। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে। থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরি হলে পুলিশ তদন্তে নামে। অধিকাংশ সময় তদন্তকালীন পর্যন্ত খোঁজ মেলে। তা না হলে সন্ধান চেয়ে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়।
ওসি আরও বলেন, ‘চিঠি লিখে যাওয়ায় বিষয়টি পারিবারিক কোনো সমস্যা থেকে ঘটেছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।’ প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে সে পরিবারের সদস্যদের সাথে অভিমান করে আত্মগোপনে রয়েছে। তবুও পুলিশ রহস্য উদঘাটন করার জন্য কাজ করে যাচ্ছে।
তদন্ত সংশ্লিষ্ট গোয়েন্দা পুলিশ সূত্র জানায়- থানায় সাধারণ ডায়রি হওয়ার পর থানা পুলিশের পাশাপাশি ঘটনাটির রহস্য উদঘাটনের জন্য গোয়েন্দা পুলিশও তদন্তে নেমেছে। সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিকে কেন্দ্র করেও তদন্ত কাজ চালানো হচ্ছে।
বাসায় মোবাইল রেখে যাওয়া এবং ফেইসবুক আইডি ডিঅ্যাক্টিভ থাকায় নানা ধরণের সন্দেহ দেখা দিয়েছে। ইতিমধ্যে ইমাদের পরিবারের কাছ থেকে তার সহপাঠীদের সম্পর্কে তথ্য নেয়া হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।