
বিশেষ প্রতিবেদন : সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের ৫-৬ মাস দেরি থাকলেও মেয়র মনোনয়নপ্রত্যাশীরা এখনই মাঠে নেমে পড়েছেন। আগামী নির্বাচন দলীয়ভাবে হওয়ায় দলের মনোনয়ন পেতে আগ্রহীরা নানা তৎপরতা চালাচ্ছেন। এমন পরিস্থিতিতে সিলেট মহানগর বিএনপির তিন নেতা দলীয় প্রধানের আশীর্বাদ পেতে ‘ঢাকা মিশনে’ গেছেন। গত মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।
আর সোমবার রাতে সাক্ষাৎ করেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। সিসিক নির্বাচন নিয়ে দলীয় প্রধানের সঙ্গে তাদের কথা হলেও তারা বিস্তারিত বলতে চাননি।
গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করে নাসিম হোসাইন বলেন, চিকিৎসা শেষে দেশে ফেরার পর সিলেট সফরের দাওয়াত দিতে আমরা গিয়েছিলাম। দাওয়াতে বিএনপি চেয়ারপারসন ইতিবাচক মনোভাব পোষণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারতের জন্য তিনি আসবেন।
ঢাকা ও চট্টগ্রামে দুটি কর্মসূচির পর খালেদা জিয়া সিলেটে আসবেন বলে ক’দিন ধরে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে সিলেট মহানগর বিএনপির শীর্ষ দুই নেতার সাক্ষাতের নেপথ্যে সিসিক নির্বাচনে মনোনয়ন পাওয়ার ‘প্রচেষ্টা’ আছে বলে মনে করেন সংশ্নিষ্টরা। এমন প্রশ্নে আগামী নির্বাচন নিয়ে কথা হয়েছে বলে স্বীকার করেন নাসিম হোসাইন।
২০১৩ সালের ১৫ জুনের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে প্রথমবারের মতো বিজয়ী হন বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী। সে সময় নাসিম হোসাইনসহ বিএনপির আরও কয়েকজন নেতা দলীয় সমর্থন চাইলেও তা হয়নি।
এবার দলীয় প্রতীকে প্রথমবারের মতো সিসিক নির্বাচনের আগে বিএনপির মনোনয়ন পেতে মরিয়া নাসিম হোসাইন ও বদরুজ্জামান সেলিম। গত ৩০ সেপ্টেম্বর নগরীর শাহি ঈদগাহ এলাকার একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা করে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন সেলিম। অন্যদিকে, নাসিম হোসাইন তৃণমূলে কৌশলী গণসংযোগে ব্যস্ত।
গত নির্বাচনে মেয়র নির্বাচিত হওয়ার পর সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত হন মেয়র আরিফ। চাঞ্চল্যকর মামলায় দু’বছরের বেশি সময় কারাগারে থাকা মেয়র আরিফ অনেক দিন বিএনপির রাজনীতিতেও নিষ্ক্রিয় ছিলেন। সিলেটে দলের কোনো কর্মসূচিতে তাকে দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে। অবশ্য সাম্প্রতিক সময়ে ফের স্থানীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার পাশাপাশি দলের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের ম্যানেজের চেষ্টাও করছেন মেয়র আরিফ।
৭ নভেম্বর দলের আরেক মনোনয়নপ্রত্যাশী মহানগর বিএনপির সহসভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর বাসায় যান তিনি। গত ২৮ অক্টোবর বিএনপির অনুষ্ঠানে অনেক দিন পর মেয়র আরিফ, নাসিম ও সেলিমকে একমঞ্চে দেখা যায়। সেদিন নগরীর ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনজনই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ওয়ার্ড বিএনপির সেই অনুষ্ঠানে মেয়র আরিফের পরামর্শেই মহানগর বিএনপির দুই শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয় বলে সূত্র জানায়। সিসিক নির্বাচনে মেয়র মনোনয়ন নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যে সেদিন তিন নেতা ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন। সেই ঘোষণা বাস্তবে কতটুকু প্রতিফলিত হচ্ছে, তা নিয়ে সন্দিহান বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।
মেয়র আরিফ দলীয় কর্মসূচিতে অনেক দিন নিষ্ফ্ক্রিয় থাকার পাশাপাশি নেতাকর্মীদের মূল্যায়ন করেননি বলে অনুযোগ আছে। এমন আভাস পাওয়া গেল নাসিম হোসাইনের কথায়ও। তিনি কারও নাম না করে বলেন, এবার চেয়ার-টেবিলের নির্বাচন নয়, আগামীতে যে নির্বাচন হবে, তাতে ধানের শীষ প্রতীক থাকবে। আর এই প্রতীক নিয়ে নির্বাচন করবেন যিনি, তাকে বিএনপির মানুষ হতে হবে।
সিলেট মহানগর বিএনপির শীর্ষ নেতাদের মতো খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে সিসিক নির্বাচন নিয়ে আলোচনা প্রসঙ্গে বিস্তারিত বলতে চাননি মেয়র আরিফও। আলোচনা হওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ম্যাডাম সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্র : সমকাল