নিজস্ব প্রতিবেদক : সিলেটে বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছ।
এই ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে বাসসহ সব ধরণের পরিবহন চলাচল।
অন্যান্য ছোট-বড় যানবাহনের পাশাপাশি সিলেটে সিএনজি অটোরিকসাও চলাচলেও বাঁধা দিচ্ছেন পরিবহন শ্রমিকরা।
সকাল থেকে নগরীর কিছু সংখ্যক সিএনজি অটোরিকসা চলাচল করার চেষ্টা করলেও পরিবহন শ্রমিকদের বাধার মুখে এখন বন্ধ রয়েছে সিএনজি অটোরিকসা, লেগুনাসহ অন্য পরিবহনগুলোও।
নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সিএনজি অটোরিকসাসহ সকল ছোট-বড় যানবাহন চলাচলে বাঁধা দিচ্ছেন শ্রমিকরা।
ফলে সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিনে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। আর সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে দিচ্ছেন রিকসা চালকরাও। বাধ্য হয়ে অনেকেই বেছে নিয়েছেন পায়ে হাঁটার পথ।
এদিকে ধর্মঘট চলাকালে সকাল থেকে নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোন আঞ্চলিক ও দুরপাল্লার বাস। বাস না পেয়ে যাত্রীরা রেল ষ্টেশনমুখী হলেও যাত্রির চাপে ছিলনা ট্রেনের টিকেটও।
উল্লেখ্য,সিলেটের দক্ষিণ সুরমায় কদমতলি বাসস্ট্যান্ড এলাকার তাজমহল হোটেলের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বুধবার সকাল ৬টা থেকে সিলেট অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এক জরুরী সভা থেকে এ ধর্মঘটের ডাক দেন।