
মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বিএনপি-জামাতপন্থী এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। অর্থ আত্মসাত ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে পৌরসভার কর আদায়কারী মিয়া হাসান মাসুদ মোন্নাফের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, ‘পৌরসভার মেয়র-কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৃহষ্পতিবার দিনব্যাপি অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কর আদায়কারী মিয়া হাসান মাসুদ মোন্নাফকে সাময়িক বরখাস্ত করা হয়।
তাঁর বিরুদ্ধে কর আদায়ের টাকাসহ বিভিন্ন খাতের অর্থ আত্মসাত, কর্মকর্তা-কর্মচারীদের সাথে দুর্ব্যবহার, স্থানীয় ও দলীয় প্রভাবে ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ ছিল।’ বরখাস্তপত্র তাঁর হাতে ও ডাকযোগে পাঠানো হয়েছে বলেও মেয়র জানান।
পৌরসভা সুত্র জানায়, বিএনপি-জামাত জোট সরকারের আমলে হাসান মাসুদ মোন্নাফ দলীয় প্রভাবে পৌরসভায় একক আধিপত্য গড়ে তোলেন।
তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে প্রায় ১৩টি মামলা থাকায় কর্তৃপক্ষ একাধিকবার তাকে সাময়িক বরখাস্ত করে। ওয়ান-ইলেভেনের সময় তিনি পালিয়ে থাকার পর পুনরায় অদৃশ্য কারণে স্বপদে বহাল হয়েছিলেন।