আটক কামরুল ইসলাম (২১) বনগাঁও গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। নিহত শিশু খাদিজা বেগম সুনামগঞ্জ জেলার ভাটি তাহিরপুর গ্রামের দিনমজুর আলী নুরের কন্যা।
জানা গেছে, অভিযুক্ত কামরুলের বাবা মারা যাওয়ায় তার বৃদ্ধ মাকে দেখাশুনার জন্য প্রায় ৪ মাস পূর্বে মাসিক মাত্র ৫শ টাকা বেতনে ঐ বাড়ীতে গৃহকর্মীর কাজ নেয় খাদিজা।
তারও ৪বছর পূর্বে সুনামগঞ্জ থেকে ঘটনাস্থল কামরুলের বাড়ী থেকে কয়েকশ গজ দূরে এক বাড়ীর তত্ত্বাবধায়কের কাজ নেন খাদিজার বাবা। সেই সুবাধে ঐ গ্রামে স্ত্রী কুলসুমাসহ ছেলে মেয়ে নিয়ে বসবাস করতেন আলী নুর।
শনিবার বিকালে বাবা আলী নূর ও মা কুলসুমা এ প্রতিবেদককে জানান, ঘটনার দিন মাগরীবের নামাজের পর অভিযুক্ত কামরুল আমার বাড়ীতে এসে আমাকে বলে আমার মেয়ে আত্মহত্যা করেছে।
১০ বছরের মেয়ে আত্মহত্যা করার খবরে আমি মুষড়ে পড়ি। পরে তাদের বাড়ীতে গিয়ে দেখি আমার মেয়ের দেহ মাটিতে আর গলায় ওড়নার একপাশ পেঁচানো, আরেকপাশ জানালার গ্রীলের সাথে গিট দেওয়া।
তিনি আরো বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটলেও পুলিশকে না জানিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের সহযোগিতায় হত্যার ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে শনিবার সকালে লাশ দাফন করার চেষ্টা করে অভিযুক্ত কামরুল ইসলাম।
তবে চেয়ারম্যান মোস্তাব উদ্দিন কামাল ও ইউপি সদস্য সামছুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, নিহতের বাবা-মায়ের সম্মতিতেই সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। এখানে আমরা কোনো কিছু চাপিয়ে দেইনি। তারা আরো বলেন, অপরাধী যে হোক তার শাস্তি দাবি করছি।
এদিকে শনিবার সকাল সাড়ে ৯টায় নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক একদল পুলিশ নিয়ে লাশ উদ্ধার ও অভিযুক্ত কামরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসেন।
থানা হেফাজতে থাকা কামরুল অভিযোগ অস্বীকার করে বলে, আমি মাদ্রাসার ছাত্র, ঘটনার সময় কি হয়েছে জানি না। আমি তখন নামাজে ছিলাম।
লাশের সুরতহাল প্রস্তুতকারী গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) দেলোয়ার হোসেন জানান, পুলিশকে না জানিয়ে লাশের গোসল করানোয় ধর্ষণ হয়েছে কিনা প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি। তবে গলার হাড় ভাঙ্গা দেখা গেছে।
থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) এ কে এম ফজলুল হক জানান, প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে মনে হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বাকিটা জানা যাবে।