
নিজস্ব প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ ২ নাশকতাকারীকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর স্পেশাল কোম্পানি।
র্যাব-৯ এর মিডিয়া মারফতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নাধীন লক্ষীপাশা এলাকার আল-মদিনা কমিনিউটি সেন্টারের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। দুষ্কৃতিকারীরা ঐ জায়গায় আগে থেকেই বিস্ফোরক মজুত করছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় সোর্সদের সহায়তায় ২ জন অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় র্যাব।
আটককৃতরা হলো, কানাইঘাট উপজেলার বড়বন গ্রামের জহির উদ্দিনের পুত্র খায়রুল ইসলাম (২২) এবং একই উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র নজরুল ইসলাম (৩৫)।
তাদের নিকট থেকে ১টি নীল রঙ্গের পলিথিন ব্যাগে ভর্তি খাকী কাগজে মোড়ানো প্রায় ৩ কেজি ৯০০ গ্রাম ওজনের ৩০পিস হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল ও প্রায় ২৮৩ গ্রাম ওজনের ৩০পিস সাদা তার সমেত ইলেক্ট্রিক ডেটোনেটর, ১টি কালো রঙ্গের পুরাতন LAVA মোবাইল ফোন এবং ১টি কালো রঙ্গের পুরাতন X play মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উক্ত বিস্ফোরকগুলো এতই উচ্চ ক্ষমতা সম্পন্ন ও উচ্চ মান সম্পন্ন যে, এর মধ্যে মাত্র ১০টি দ্বারা ২/৩ তলা একটি স্থাপনা পুরোপুরি গুড়িয়ে দেওয়া সম্ভব।
আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এই বিস্ফোরকগুলো মূলত সীমান্তবর্তী এলাকার কয়লাখনি সমূহে ব্যবহৃত হয়। এবং এই বিস্ফোরক চালানটি মেঘালয় রাজ্যে কর্মরত কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যমে বিভিন্ন হাত হয়ে দূর্গম এলাকার ভিতর দিয়ে আটককৃত ব্যক্তিদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে।
একই জাতীয় বিস্ফোরক সমূহ পূর্বে আটককৃত জঙ্গীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছে র্যাব-৯। বিস্ফোরক দ্রব্যের হুবহু মিল থাকায়, এই বিস্ফোরকগুলো জঙ্গী কার্যক্রমে ব্যবহৃত হতো বলে ধারণা করছে র্যাব।
আটককৃতদের কাছ থেকে অপরাপর ৩/৪ জন পলাতক সহযোগীদের তথ্য পেয়েছে র্যাব-৯। তাদেরকে গ্রেফতারের লক্ষ্যে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।
জঙ্গি তৎপরতা প্রতিহত করা এবং যেকোনো ধরণের নাশকতা, ধ্বংসাত্মক ও হিংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-৯।