নিজস্ব প্রতিনিধি :
বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা এলাকায় সেহরীর সময় মসজিদের মাইকে প্রচারণা বন্ধ করার জন্য ইমামকে বাধা প্রদান করা নিয়ে দুই পক্ষের বাগবিতণ্ডা ও হামলায় কমপক্ষে ৫জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে তিনজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় ফের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
জানা যায়, সুপাতলা গ্রামের মাসুক উদ্দিন (ট্রাক ড্রাইভার) শুক্রবার রাত আড়াইটার দিকে সুপাতলা (পূর্ব) জামে মসজিদে গিয়ে মাইকে প্রচারণা বন্ধ করতে ইমামকে গালমন্দ শুরু করেন। এ সময় ইমাম মসজিদের মাইকে সেহরী খাওয়ার জন্য এলাকাবাসীকে আহবান করছিলেন। মসজিদ এলাকায় হৈ চৈ শুনে গ্রামের মাতাব উদ্দিন, দিলু, জিল্লুসহ অনেকে উপস্থিত হয়ে পরিস্থিতি বুঝতে পেরে মাসুক উদ্দিনকে বুঝানোর চেষ্টা করেন। এক পর্যায়ে মাসুক উদ্দিন তাদের সাথে গালাগাল শুরু করে ধারালো দা দিয়ে হামলা করেন। এতে মাতাব রক্তাক্ত হলে উপস্থিত অন্যরা মাতাবকে বাঁচাতে এগিয়ে আসলে তারাও হামলার শিকার হন। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে স্থানীয়রা মাসুক উদ্দিনের উপর চড়াও হলে মাসুক আহত হন। স্থানীয়রা আহতদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মাসুককে বিয়ানীবাজার হাসপাতালে নেয়ার পথে সশস্ত্র একদল যুবক তাকে উদ্ধারকারিদের হাত থেকে ছিনিয়ে নেয়। এ যুবকদের মধ্যে মাসুকের নিকট আত্মীয় ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
উপস্থিত গ্রামবাসী বলেন, মদ খেয়ে মাতাল হয়ে মাসুক প্রায়ই মসজিদে সেহরীর প্রচারণা চালানো নিয়ে সমস্যা করেছে। তবে গত রাতে ঘটনাটি খুবই খারাপ হয়েছে। গতকালও সে মদ্যপ ছিল।
সংঘর্ষে আহতদের মধ্যে মাতাব উদ্দিন, মাসুক উদ্দিন ও দিলুকে সিলেট প্রেরণ করা হয়েছে। জিল্লুসহ অপর আহত একজনকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনও কোন পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এতে কোন বিশেষ কারণে কাউকে ছাড় দেয়ার প্রশ্নই উঠেনা।