কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জের কুখ্যাত আনু উরফে আনই (৩২) ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। আনু দক্ষিণ রনিখাই ইউনিয়নের রাজাপুর গ্রামের আকবুল আলীর পুত্র।
থানা সূত্রে জানা গেছে, সোমবার ভোরে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের গৌরিনগর মাদ্রাসা গেইট সংলগ্ন এলাকায় আনু ডাকাত ও সঙ্গীয় ১০/১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলতাফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ডাকাতদের ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে আনু।
যোগাযোগ করা হলে আনু ডাকাতকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ওসি আলতাফ হোসেন জানান, আনু আন্ত:জেলা ডাকাতদলের সর্দার।
সে দীর্ঘদিন ধরে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।