
নিজস্ব প্রতিনিধি: বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের বড়দেশ-রামটিকরে মঙ্গলবার দিবাগত রাত আড়াই টার দিকে ব্রজপাতে গ্যাস রাইজার বিস্ফোরীত হয়েছে। রাত ৩টার দিকে জালালাবাদ গ্যাস’র দায়িত্বশীল কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণ করেন।
জানা যায়, বড়দেশ-রামটিকর গ্রামের সেলিম উদ্দিন বাড়ির সংযোগ গ্যাস রাইজারে বিস্ফোরণ ঘটে। এ ঘটনার কিছুক্ষণ পর সেলিম উদ্দিনের ছেলে ছাব্বির উদ্দিন ঘরের বারান্দায় বের হলে বাড়ির পিছনে আগুন দেখতে পান।
তিনি বিষয়টি প্রতিবেশিদের মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করেন। রাইজার থেকে আগুন মাত্রাধিক ছিল। খবর পেয়ে জালালাবাদ গ্যাস অফিসের দায়িত্বশীল কর্মকর্তারা ৩ টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে আগুন নিয়ন্ত্রণ করে।
খবর পেয়ে একই সময় বিয়ানীবাজার ফায়ার এন্ড সিভিল ডিফেন্স সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনায় বড় ধরনের ক্ষতি কোন হয়নি।