
স্টাফ রিপোর্টার : বানিয়াচংয়ে শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরাম ও সর্বস্তরের নেতৃবৃন্দের আয়োজনে পহেলা বৈশাখে গান-বাজনা,রং-তামাশা ও যুবক যুবতীদের অবাধ মেলামেশা,বেহায়াপনা ও জঙ্গিবাদ বন্ধের দাবীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে চারটায় ৪নং দক্ষিণ-পশ্চিম ইউপি প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অধ্যক্ষ আব্দাল হোসেন খান,উপাধ্যক্ষ আতাউর রহমান,মাওলানা মখলিছুর রহমান,মাওলানা আব্দুল ওয়াদুদ,মাওলানা আব্দুল জলিল ইউসুফী,মাওলানা বশীর আহমেদ,মাওলানা গোলাম কাদির,মাওলানা ফারুক আহমেদ আনসারী,মাওলানা সিরাজুল ইসলাম,মাওলানা ইকবাল হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন- আমাদের দেশের যুবসমাজকে ইহুদী নাস্তিকেরা যেভাবে অপসংস্কৃতির মাধ্যমে নষ্ট করে যাচ্ছে তা মেনে নেয়া যায়না। আমাদের কে বাঙ্গালি বানানোর জন্য বাংলা নববর্ষকে উপলক্ষ্যে করে মঙ্গলশোভা যাত্রা করে তা ইসলাম বিরোধী। এসব কর্মকান্ড ইসলাম কোনভাবেই সমর্থন করেনা। এটা ভারতীয় আগ্রাসন। তাই এই আগ্রাসন ও বেহায়াপনা বেলাল্লাপনা থেকে আমরা যাতে বিরত থাকতে পারি সেই লক্ষ্যে সবাইকে এক হতে হবে। বৈশাখীর নামে এসব করতে দেয়া যাবেনা। পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার জন্য আহবান জানান বক্তরা। আলোচনা সভায় বিপুল সংখ্যক আলেম-ওলামাসহ বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল বাছিত আজাদ।