নিজস্ব প্রতিনিধি : কমিটি গঠন নিয়ে হাবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা দুইটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছেন। সম্প্রতি উপজেলা ছাত্রদল ও জনাব আলী কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি প্রকাশিত হয়। এ কমিটি প্রকাশ হওয়ার পর বিলুপ্ত কলেজ কমিটির সভাপতি সোহেল আহমেদের নেতৃত্বে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা।
অবৈধ কমিটি মানিনা মানবনা বলে তারা বিক্ষোভ মিছিল করে। মিছিলে সৌদী প্রবাসী বিএনপির নেতা আহমেদ আলী মুকিব আব্দুল্লাহর বিরুদ্ধে জুতা প্রদর্শন করা হয়। গত শুক্রবার বানিয়াচং নতুনবাজারে এ মিছিল করে সোহেলের নেতৃত্বে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।
এদিকে আব্দুল্লাহর ভাই নুর আহমদ শিবপাশা থেকে হবিগঞ্জে যাওয়ার জন্য মোটরসাইকেল যোগে বানিয়াচং নতুনবাজারে আসলে তাকে মারপিঠ করে সোহেলের নেতৃত্বে নেতাকর্মীরা।
পরে নবগঠিত কমিটির নেতারা খবর পেয়ে একত্রিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নতুনবাজারে মহড়া দেয়। রীতিমতো ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয় নতুনবাজারে। ব্যবসায়ীরা দিগি¦দিক ছুটোছুতি করতে থাকেন। মিছিল থেকে একপর্যায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক ডা.সাখাওয়াত হাসান জীবনের বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্য প্রদান করা হয়। বাজারে মধ্যে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয়ায় ব্যবসায়ীরা ধাওয়া দেয়ার জন্য জড়ো হন। পরে তা ঠের পেয়ে বাজার ত্যাগ করে নেতাকর্মীরা।
খোঁজ নিয়ে জানা যায়, মুলত দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতারা। এক গ্রুপের নেতৃত্বে আছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা.সাখাওয়াত হাসান জীবন।
আর অন্য একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন সৌদী প্রবাসী আহমেদ আলী মুকিব আব্দুল্লাহ। এনিয়ে দুটি গ্রুপের নেতাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উভয় গ্রুপের নেতারাই হাট-বাজারে দল বেঁধে মহড়া দিচ্ছেন। যে কোন সময় তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
