বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে হিলিপ প্রকল্পের গভীর নলকূপ স্থাপনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। রাতের আঁধারে পালিয়ে যাওয়ার পথে দুর্নীতিবাজ ঠিকাদার লিটনকে পাইপসহ আটক করে এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, হাওর অঞ্চলে কাজ হওয়ায় হিলিপ প্রকল্পের কর্মকর্তারা কাজ তদারকি করতে আসেন না।সূত্র জানিয়েছে, হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন (হিলিপ) প্রকল্পের আওতায় দৌলতপুর চকবাজারে ফিসশেড, ল্যাট্রিন নির্মাণ ও গভীর নলকূপ স্থাপনে ২৯ লাখ টাকা বরাদ্দ মিলে। হিলিপের তত্ত্বাবধানে এলসিএস সদস্যরা কাজ বাস্তবায়ন করবে। দমারগাঁওয়ের লিটন নলকূপ বসানোর কাজ পায়।
স্থানীয়দের অভিযোগ, ৬৫৬ ফুট গভীরের স্থলে ঠিকাদার লিটন ২৮৫ ফুট পাইপ বসায়। শুক্রবার গভীর রাতে এলসিএস সদস্য ও হিলিপ কর্মকর্তাদের যোগসাজশে লিটন কাজ গুটিয়ে পালিয়ে যাওয়ার পথে ১৯টি পাইপসহ তাকে আটক করে এলাকাবাসী। এ সম্পর্কে দৌলতপুর ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জানান, ৫৩০ ফুট পাইপ বসানোর পর ঠিকাদার অসৎ উদ্দেশ্যে পালানোর চেষ্টা করেছিল। এলাকাবাসী তাকে মালামালসহ আটক করে।
এলসিএস সমিতির সভাপতি ইউপি আওয়ামী লীগ সেক্রেটারি হাফিজুর রহমান মলাই জানান, পাইপ উঠানোর সময় ঠিকাদার আমাদের জানায়নি। গভীর রাতে আটক করার পর সঠিক নিয়মে কাজ শেষ করবে বলে ঠিকাদার কথা দিয়েছে। এর ব্যত্যয় ঘটলে ঠিকাদারের মালপত্র অফিসের মাধ্যমে জব্দ করা হবে।