
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ, ব্যবসায়ী জাকির খান (৪৪) নিউইয়র্কে বাড়িওয়ালার ছুরিকাঘাতে খুন হয়েছেন ।
নিহতের ঘনিষ্টজন সামছুদ্দোহা খান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে ব্রঙ্কসের নিজ বাসায় হত্যা করা হয়। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জের পাঠানটিলা গ্রামের পাঠানবাড়ির মৃত এজাফত খানের ছেলে।
নিহতের যুক্তরাষ্ট্রে থাকা স্বজনদের বরাত দিয়ে জানা যায়, যে বাড়িতে ভাড়া থাকতেন জাকির খান সেই বাড়িওয়ালাই তাকে ছুরিকাহত করেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ব্রঙ্কস পুলিশের বরাত দিয়ে নিউইয়র্কের একটি সংবাদপত্র জানাচ্ছে, বাড়িওয়ালা-ভাড়াটিয়া দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশ জানায় সন্ধ্যা সাড়ে ছয়টায় ৯১১ এ কল পাওয়ার পর তারা ব্রঙ্কসের থ্রঙ্গস নেক সেকশনের বাড়িটিতে যায়। সেখানে তারা দেখতে পায় জাকির খানের শরীরে বেশ কয়েকটি ছুরিকাঘাত করা হয়েছে। দ্রুত তাকে জ্যাকোবি মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন।
৫১ বছর বয়সী ওই বাড়িওয়ালাকে পুলিশ এরই মধ্যে আটক করে কাস্টডিতে নিয়েছে বলেও খবরে জানানো হয়েছে।